ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিদেশি মুদ্রার হিসাব ও লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বিদেশি মুদ্রার হিসাব ও লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনা, আমদানি-রপ্তানি লেনদেন ও বিদেশি বিনিয়োগ সহজ করতে সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) খোলার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারের পাশাপাশি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পথও উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। এতে বিদেশি নাগরিক ও অনাবাসীদের বৈদেশিক মুদ্রা ও টাকায় পরিচালিত বিভিন্ন হিসাব খোলা, পরিচালনা, অর্থ জমা, উত্তোলন এবং বিদেশে পাঠানোর নিয়ম একত্র করা হয়েছে। আগের বিভিন্ন নির্দেশনা সহজে অনুসরণের জন্য সংকলনের পাশাপাশি কিছু পরিবর্তনও আনা হয়েছে। সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত পেমেন্ট ব্যবস্থায় পণ্য ও সেবা বিক্রির অর্থের সর্বোচ্চ ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা হিসেবে সংরক্ষণ করতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। বাকি ৮৫ শতাংশ টাকায় রূপান্তর করতে হবে। সংরক্ষিত অর্থ বৈধ চলতি হিসাবের বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে কর ও ভ্যাট পরিশোধ নিশ্চিত করতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সহজ করতে ব্যাংকগুলোকে অনলাইন প্ল্যাটফর্ম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসীরা দেশে না এসেই এনআইটিএ খোলার আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথি জমা এবং আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পাঠানোর ব্যবস্থাও থাকবে। হিসাব খোলার জন্য বৈধ পাসপোর্ট, ছবি, ঠিকানার প্রমাণ, আয়ের উৎস এবং মনোনীত ব্যক্তি বা প্রতিনিধির পরিচয়সংক্রান্ত নথি প্রয়োজন হবে।

এনআইটিএর অর্থ দিয়ে এখন থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা যাবে। আগে এ হিসাবের মাধ্যমে মূলত স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগের সুযোগ ছিল। বিদেশি বিনিয়োগকারীদের নামে ইউনিট ইস্যুর ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। লভ্যাংশ কর পরিশোধের পর এনআইটিএতে জমা করা যাবে।

বিদেশে কর্মরত বাংলাদেশিরা প্রাথমিক জমা ছাড়াই বৈদেশিক মুদ্রার হিসাব খুলতে পারবেন। নিজেরা পরিচালনার পাশাপাশি দেশে অন্য কাউকে মনোনীত করেও হিসাব পরিচালনার সুযোগ পাবেন। দেশে সাময়িক সফরে এসে ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আনলে কাস্টমসে ঘোষণা দিয়ে তা হিসাবে জমা করা যাবে। এসব হিসাব থেকে বিদেশে অর্থ পাঠানো এবং দেশে টাকায় খরচ করার সুযোগও থাকবে।

এ ছাড়া দেশে ফেরার সময় আনা বৈদেশিক মুদ্রা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব পরিচালনার নিয়মও সার্কুলারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ হিসাবের অর্থ বিদেশে পাঠানো এবং ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার মতো বৈধ ব্যয়ে ব্যবহার করা যাবে। শর্ত পূরণ সাপেক্ষে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড দেওয়ার সুযোগও রয়েছে।

অনুমোদিত বিদেশি ঋণের অর্থ ব্যবহারের সুবিধার্থে নির্ধারিত ব্যাংকগুলো ঋণগ্রহীতার নামে বৈদেশিক মুদ্রার হিসাব খুলতে পারবে। এসব হিসাবে জমা অর্থ ঋণের শর্ত অনুযায়ী আমদানি, প্রকল্পের বৈধ সেবা ব্যয় ও অনুমোদিত স্থানীয় কেনাকাটায় ব্যবহার করতে হবে। ঋণের অর্থ ব্যবহারের হিসাব প্রতি তিন মাসে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

সার্কুলারে প্রবাসীদের নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবের নিয়মও রয়েছে। এ হিসাবে এক মাস, তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদি আমানত রাখা যাবে। প্রবাসীদের ক্ষেত্রে ন্যূনতম জমা এক হাজার মার্কিন ডলার