নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার খেলোয়াড়দের পাঠানো এক চিঠিতে ফেডারেশন জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রাক্-টুর্নামেন্ট প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাতার ভ্রমণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের সতর্কতা এবং দেশটিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাঁদের পরিবারের জন্য জারি করা নির্দেশনাকে সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ দলের এই টুর্নামেন্ট হওয়ার কথা। ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরুর কথা ছিল। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া। এ বিষয়ে ফিফা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
