বিশ্বজুড়ে বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের জনপ্রিয় সেবা আউটলুক ও টিমস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এ বিভ্রাটে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তর ও করপোরেট প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, সেবা স্বাভাবিক করার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না। দীর্ঘস্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার কারণে সার্ভারের সক্ষমতা বাড়াতে বিকল্প পথ খোঁজা হচ্ছে।
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিভ্রাট চরমে পৌঁছালে শুধু যুক্তরাষ্ট্রেই আউটলুক ব্যবহারে সমস্যার ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। রাত সাড়ে ৯টার দিকেও ২৫ হাজারের বেশি অভিযোগ সক্রিয় ছিল। শুক্রবার ভোরে ভারত, অস্ট্রেলিয়া ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও মাইক্রোসফটের বিভিন্ন সেবায় সমস্যার তথ্য পাওয়া যায়।
মাইক্রোসফটের সার্ভিস হেলথ নোটিশে বলা হয়েছে, মাইক্রোসফট ৩৬৫-এর যেসব সুবিধা এক্সচেঞ্জ অনলাইন ও ইমেইলের ওপর নির্ভরশীল, সেগুলোই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এক্সচেঞ্জ অনলাইনের বাইরে থাকা সেবাগুলো সচল রয়েছে। এক্সচেঞ্জ অনলাইন মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক মেসেজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ইমেইল, ক্যালেন্ডার ও যোগাযোগের তথ্য ব্যবস্থাপনা করা হয়।
এ ঘটনায় সাইবার হামলার আশঙ্কা নাকচ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও সাইবার নিরাপত্তামন্ত্রী টনি বার্ক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাইক্রোসফটের ধারণা অনুযায়ী এটি হ্যাকিং বা সাইবার আক্রমণ নয়। বরং কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা তৈরি হয়েছে। ২০২৪ সালে ক্রাউডস্ট্রাইক সফটওয়্যারের আপডেটজনিত ত্রুটিতে বিশ্বজুড়ে যে বিপর্যয় ঘটেছিল, বর্তমান পরিস্থিতি অনেকটা সে ধরনের।
টনি বার্ক জানান, বিভ্রাটের মূল প্রভাব পড়েছে ইমেইল ব্যবস্থায়। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ও ফেডারেল পুলিশসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাগুলোও এতে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদও জানিয়েছে, তাদের ব্যবহারকারীরা এ সমস্যার মুখে পড়েছেন। সমস্যা সমাধানে সংসদীয় প্রকৌশলীরা মাইক্রোসফটের সঙ্গে কাজ করছেন।
এর আগে মাইক্রোসফট জানিয়েছিল, আকস্মিকভাবে কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়ায় এ সংকট তৈরি হয়েছে। পরে প্রতিষ্ঠানটি জানায়, পুনরুদ্ধার করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে এবং ব্যবহারকারীরা পুনরায় সংযুক্ত হতে শুরু করায় ধীরে ধীরে সেবার মান ফিরছে।
বিভ্রাটের প্রভাব পড়েছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানেও। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের মাইক্রোসফট কানেক্টরে ত্রুটি দেখা দেওয়ায় নতুন সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে এবং বিভিন্ন টুল ঠিকমতো কাজ করছে না। অ্যানথ্রপিকও জানিয়েছে, আপস্ট্রিম সেবাদাতার সমস্যার কারণে তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর বিঘ্নিত হচ্ছে।
এ ছাড়া বৈদ্যুতিক ট্রাক নির্মাতা ওয়ার্কহর্স গ্রুপ মাইক্রোসফটের বিভ্রাটের কারণে তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ পিছিয়ে দিয়েছে। ১২ নভেম্বর ফলাফল প্রকাশের কথা থাকলেও তা আগামী ১৬ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের মাসেও মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। এতে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির সফটওয়্যার ও বিভিন্ন শিল্প খাতের কার্যক্রম ব্যাহত হয়।
