ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচটি ত্রুটি শনাক্ত, তদন্ত প্রতিবেদন জমা

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচটি ত্রুটি শনাক্ত, তদন্ত প্রতিবেদন জমা

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি ফ্লাইটে পাঁচটি কারিগরি ত্রুটি পাওয়া গেছে। ২৯ অক্টোবর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ত্রুটিগুলো ধরা পড়ে। এ ঘটনায় গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটটি ত্রুটি মেরামতের কারণে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিমানের নিজস্ব প্রকৌশল দল ও জাপানি টেকনিশিয়ানদের দীর্ঘ প্রচেষ্টায় ত্রুটিগুলো মেরামত করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ৩০ অক্টোবর চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমান কর্তৃপক্ষ। উড়োজাহাজটির কারিগরি লগ বই ও রক্ষণাবেক্ষণের নথি পর্যালোচনা করে কমিটি পাঁচটি ত্রুটি শনাক্ত করে। এগুলোর মধ্যে রয়েছে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ ব্যবস্থায় ত্রুটি, পিটট হিটিং ব্যবস্থায় সমস্যা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যানের ত্রুটি।

বিমানের একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্পয়লার ঠিকমতো কাজ না করার বিষয়টি সেন্সর ও উড়োজাহাজের কারিগরি সমস্যার সঙ্গে সম্পর্কিত। যাত্রীর নিরাপত্তাই সব সময় অগ্রাধিকার পাওয়া উচিত। প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির যাত্রার ক্ষেত্রে উড়োজাহাজের সবকিছু পরীক্ষিত থাকার কথা। তদন্তে কোনো গাফিলতি বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।