ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কা, কয়েক দিনের মধ্যে বড় বিপদের আশঙ্কা চিকিৎসকের

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কা, কয়েক দিনের মধ্যে বড় বিপদের আশঙ্কা চিকিৎসকের

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান। তার দাবি, ইমরানের রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসা নিশ্চিত না হলে হৃদযন্ত্র ও কিডনির ক্ষতির আশঙ্কা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। সম্প্রতি বিচারপতিদের কাছে পাঠানো এক চিঠিতে নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানান তিনি।

৩০ বছরের বেশি সময় ধরে ইমরানের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা ডা. সুলতান বলেন, দ্রুত হৃদরোগ ও কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখের ক্ষতি হতে পারে।

গত ১৬ নভেম্বর প্রকাশিত চিঠিতে ইমরান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমেছে। এ ছাড়া প্রতিদিন দীর্ঘ সময় নির্জন কারাকক্ষে রাখার অভিযোগও করেন তিনি।

এর আগে গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাধীন মূল্যায়নের নির্দেশ দিয়েছিলেন। তবে তাকে নির্ধারিত বেসরকারি হাসপাতালে নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও রাজনৈতিক সমর্থকেরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা এবং তার সঙ্গে চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।