জাতীয় ঐক্য গঠনে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ক্ষেত্রে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের ওপরও জোর দিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা এবং বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগের বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়েছে।
তিনি সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
গঙ্গা চুক্তির নবায়ন, পানির ন্যায্য হিস্যা, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং সীমান্তে বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি যৌথ পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এনসিপি আহ্বায়ক।
