ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, উন্নত চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, উন্নত চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। চিকিৎসার অভাবে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব কথা বলেন ইমরান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে ইমরান নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরেন। তাঁর দাবি, কারাগারে দীর্ঘ সময় বিচ্ছিন্ন অবস্থায় রাখার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে। ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া গত ১০ নভেম্বর তাঁর রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

ইমরান অভিযোগ করেন, তাঁকে দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হচ্ছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছে। গত এক বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার দেখা করার অনুমতি পেয়েছেন তিনি। দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তাঁর দাবি, গত এপ্রিলে বুশরা রেটিনার সমস্যায় আক্রান্ত হন এবং অস্ত্রোপচার করাতে হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না হলে তাঁর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান ইমরান।

চিঠিতে তিনি আরও বলেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাঁকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষ