ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ফের উত্তেজনা, বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলল বিক্ষোভকারীরা

গোপালগঞ্জে ফের উত্তেজনা, বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলল বিক্ষোভকারীরা

গোপালগঞ্জে আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভের মধ্যে শহরের বিভিন্ন স্থানে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে লাঠি, বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়।

এ সময় বিক্ষোভকারীরা কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। পরে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

প্রেসক্লাব ও পৌরসভা কার্যালয়ের সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন তারা। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন। পুলিশের একটি গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগানও লিখতে দেখা যায়।

এদিকে, উদ্ভূত পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করেছে সরকার। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।