ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণ পালন করে ব্যবসার সুযোগ, নতুন আইন করতে যাচ্ছে সরকার

হরিণ পালন করে ব্যবসার সুযোগ, নতুন আইন করতে যাচ্ছে সরকার

খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হরিণ বন্য প্রাণী হওয়ায় এর ব্যবস্থাপনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। এ বিষয়ে বন ও বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তে খামারে বন্য প্রাণী পালনের অনুমতি রয়েছে। প্রকৃতি থেকে প্রাণী ধরে এনে ব্যবসা করা এবং খামারে লালন-পালন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা এক বিষয় নয়। আন্তর্জাতিকভাবে অনেক বন্য প্রাণী প্রকৃতি থেকে সংগ্রহ নিষিদ্ধ হলেও খামারে পালনের মাধ্যমে বাণিজ্যিক ব্যবহারের সুযোগ রয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশেও এ ধরনের সুযোগ চালু করতে দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।