সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অন্তত ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আটটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন।
এক শ্রমিক জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। তিনি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের সোমবারের সভা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
