ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার নিরাপত্তা আইনে আসছে পরিবর্তন? আপত্তির মুখে পর্যালোচনা

সাইবার নিরাপত্তা আইনে আসছে পরিবর্তন? আপত্তির মুখে পর্যালোচনা

সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় অংশীজনদের আপত্তি ও সুপারিশ পর্যালোচনা করছে সরকার। এ বিষয়ে আরও কোনো প্রস্তাব থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতার বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী আইনটি পর্যালোচনার জন্য মন্ত্রিসভায় ফেরত পাঠিয়েছেন। এ বিষয়ে সম্পাদক, সাংবাদিক, নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা চলছে।

তিনি জানান, অংশীজনেরা আইনের কয়েকটি ধারার প্রশংসা করেছেন এবং কিছু সুপারিশ দিয়েছেন। সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

আইনের বিভিন্ন ধারার সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার আওতায় থাকবে বলে উল্লেখ করেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধান ও আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদ অনুযায়ী যুক্তিসংগত বিধিনিষেধের বিষয় বিবেচনা করেই আইনটি চূড়ান্ত করা হবে।