ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বদলির পরও সরকারি বাসায় থাকছেন? দিতে হবে দ্বিগুণ ভাড়া

বদলির পরও সরকারি বাসায় থাকছেন? দিতে হবে দ্বিগুণ ভাড়া

সরকারি চাকরিতে বদলির পর নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ করা বাসা ছাড়তে হবে কর্মকর্তা-কর্মচারীদের। অন্যথায় বিধি অনুযায়ী দ্বিগুণ হারে বাড়িভাড়া পরিশোধ করতে হবে। সম্প্রতি এ বিষয়ে সতর্ক করে চিঠি দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।

গত ১৯ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রধানদের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট বিধান অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী, বদলির দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিশেষ প্রয়োজনে সরকারের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাসার বরাদ্দ বহাল রাখা যেতে পারে।

বিধিমালার ১৯(২) উপবিধি অনুযায়ী, অনুমোদিত সময়ের পরও বাসায় অবস্থান করলে জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে ভাড়া দিতে হবে।

সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, অননুমোদিতভাবে বাসায় অবস্থানের কারণে ধার্য করা অতিরিক্ত ভাড়া মওকুফ করার এখতিয়ার তাদের নেই। তাই বদলির পর নির্ধারিত সময়ের মধ্যে বাসা ছাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরকে বদলির তথ্য জানানো জরুরি।