দেশের ছয় বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্রের (আইসিমোড) এক প্রতিবেদনে আসন্ন শীতে বাংলাদেশসহ হিন্দুকুশ হিমালয় অঞ্চলের কয়েকটি দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অতিবৃষ্টি ও তুষারপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, তুষারধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে। এল নিনোসহ বিভিন্ন আবহাওয়াগত প্রভাব এ পরিস্থিতির জন্য দায়ী হতে পারে।
