ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিপি নেতার গ্রেপ্তার ঘিরে থানায় উত্তেজনা, বিএনপির সঙ্গে সংঘর্ষ

এনসিপি নেতার গ্রেপ্তার ঘিরে থানায় উত্তেজনা, বিএনপির সঙ্গে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় এনসিপির এক নেতাকে গ্রেপ্তারের পর থানার সামনে উত্তেজনা ছড়িয়েছে। তাঁকে ছাড়াতে গিয়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এনসিপির ধস্তাধস্তি এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) রাতে আখাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ছায়েব আলী (৬০) এনসিপির মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপজেলা যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী।

পুলিশ জানায়, জুলাই গণ-অভ্যুত্থানকালে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের প্রতিবাদে এনসিপির নেতা-কর্মীরা থানার সামনে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে বিএনপির নেতা-কর্মীরা সেখানে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এনসিপির দাবি, বিএনপির হামলায় তাদের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি।

এনসিপি নেতারা গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও বিএনপির দাবি, ছায়েব আলী আগে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।