নেত্রকোনার মদনে অটোরিকশার টোলের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনায় আবদুল বারেক নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত বারেক ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে একটি চোখ হারিয়েছিলেন। চোখের চিকিৎসা শেষে ময়মনসিংহ থেকে বাড়ি ফিরছিলেন তিনি।
পথে টোল আদায়কারী আতিকুল ইসলাম অটোরিকশাচালকের কাছে ২০ টাকা দাবি করেন। খুচরা না থাকায় বারেক এক হাজার টাকার নোট দেন। অভিযোগ অনুযায়ী, বাকি টাকা ফেরত না দেওয়ায় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে আতিকুল তাঁকে ঘুষি ও ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ আতিকুলকে আটক করেছে। মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানিয়েছেন, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
