শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানান।
তিনি বলেন, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং প্রসিকিউশনের ফেসবুক পেজে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।
মামলার নথি অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। এরপর ২২ নভেম্বর আসামিপক্ষের একজন সাফাই সাক্ষী হাজির করেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়।
জিয়াউল আহসান এ মামলার একমাত্র আসামি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন এবং সেখান থেকে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
মঙ্গলবার থেকে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া পরবর্তী পর্যায়ে এগোবে।
