গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন ব্যাংকটি রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস।
বিবৃতিতে তিনি দাবি করেন, নভেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা দিয়ে হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দেন তিনি।
ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।
তিনি আরও জানান, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
বিবৃতিতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানোর বিষয়টিও উল্লেখ করা হয়। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
