ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ আটক ২০ জেলে, সাজা পেলেন মাঝি

সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ আটক ২০ জেলে, সাজা পেলেন মাঝি

সেন্টমার্টিনে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ‘অপারেশন কোরাল দ্বীপ’ পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২০ জন জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। আটক অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামুদ্রিক পরিবেশ, বিপন্নপ্রায় প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।