প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সদস্যরা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুর ১টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা আলোচনা শেষে দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির নেতারা।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টায় এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
