ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর খুলছে থার্ড টার্মিনাল, প্রথম দিন চলবে যেসব ফ্লাইট

১৬ ডিসেম্বর খুলছে থার্ড টার্মিনাল, প্রথম দিন চলবে যেসব ফ্লাইট

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে শুরু হবে এর কার্যক্রম। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার চুক্তি সই হওয়ার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ কয়েকটি সংস্থার ফ্লাইট পরিচালিত হবে।

টার্মিনাল পরিচালনার শর্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজনীয়তা পাওয়া যায়নি। আগামী ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর নির্মাণও কঠিন বিবেচনায় চুক্তির শর্তগুলো মেনে নেওয়া হয়েছে।

তিনি জানান, তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

এদিকে, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সময় নিয়ে এটি উদ্বোধন করা হবে। তবে ১ ডিসেম্বর বিমানবন্দরটির উদ্বোধন হচ্ছে না বলে জানান মন্ত্রী।