ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ডিএনসিসির

২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ডিএনসিসির

২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, ‘দিনের পর দিন বর্জ্য জমিয়ে পাহাড় তৈরি না করে আমরা একে সম্পদে রূপান্তর করতে চাই। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামী ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে পারব।’

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেক্টরে নবনির্মিত একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্ধারিত এসটিএসের ভেতরে বর্জ্য না ফেলে রাস্তায় বা বাইরে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ৩ হাজার ১৫০ বর্গফুট আয়তনের এবং ১০০ ফুট দীর্ঘ এই পরিবেশবান্ধব এসটিএস দ্রুত নির্মাণ করা হয়েছে। এর উদ্দেশ্য, পার্শ্ববর্তী দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দুর্গন্ধ এবং ভোগান্তি থেকে রক্ষা করা।

ভ্যান সার্ভিসের কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে প্রশাসক বলেন, বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য কোনোভাবেই রাস্তায় রাখা যাবে না। ভ্যানগাড়ি সরাসরি এসটিএসের ভেতরে নিয়ে বর্জ্য ফেলতে হবে।

এ ছাড়া দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধে প্রতিদিন এসটিএসের সামনে ও ভেতরে পানি দিয়ে পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছিটানোর নির্দেশ দেন তিনি। এসব নির্দেশনা অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক।