ফরিদপুরের সদরপুর উপজেলায় যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ইউসুফ মুন্সী (৪০) নামে এক ভ্যানচালককে পুলিশের কাছে সোপর্দ করেছেন মিছিলকারীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ সদরপুর সদর ইউনিয়নের নয়রশি গ্রামের বাসিন্দা। তিনি আ. রাজ্জাক মুন্সীর ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোভ্যানচালক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা যুবদলের নেতাকর্মীরা মিছিল করছিলেন। এ সময় ভ্যান চালিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন ইউসুফ। মিছিলের সামনে গিয়ে তিনি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বলে অভিযোগ করেন মিছিলকারীরা। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিছিলের নেতৃত্ব দেওয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইসারত জানান, আওয়ামী লীগের কর্মকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে তারা মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ইউসুফ বারবার ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। পরে তাকে সদরপুর থানায় সোপর্দ করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামে একজনকে থানায় হস্তান্তর করেছেন। মিছিলকারীদের অভিযোগ, তিনি মিছিলের সামনে স্লোগান দেওয়ার পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
