ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে ছাপানোর পরিকল্পনা

এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে ছাপানোর পরিকল্পনা

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ভবিষ্যতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবে এ ধরনের চেষ্টা যে হয়নি, তা নয়। এ কারণে প্রশ্নপত্র ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। ভবিষ্যতে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।

শিক্ষার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, পড়াশোনার ক্ষেত্রে কোনো দুর্বলতা বা অসাধুতা বরদাশত করা হবে না।

শিক্ষাব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। আইন পরিবর্তনের পর এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থীর ফল ফেল থেকে পাসে পরিবর্তিত হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। খাতা মূল্যায়নে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের ভোগান্তি হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত হয়। পরে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও অংশ নেয় মাত্র ৮২ জন পরীক্ষার্থী।

এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা উচিত নয়। শিক্ষাক্ষেত্রের কোনো বিষয় নিয়ে তিলকে তাল করে প্রচার করা জাতির জন্য ক্ষতিকর হতে পারে।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও কাজ চলছে বলে জানান মন্ত্রী। এ লক্ষ্যে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার্থী ও শিক্ষকদের পাঠদান কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু প্রযুক্তি বা এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না। তথ্য জানার পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তথ্যের চেয়ে জ্ঞান এবং জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।