ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরও একজন সহকারী প্রক্টর পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। পদত্যাগ করা শিক্ষকরা সবাই জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন পাঁচজনের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাঁদের মধ্যে দুজন বুধবার এবং তিনজন বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ করা পাঁচজন হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পদত্যাগের অনুরোধ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পদত্যাগ করা একজন শিক্ষক জানান, তাঁকে ডেকে পদত্যাগের অনুরোধ করা হয়েছিল। তবে আরেকজন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং একাডেমিক কাজে আরও মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন।
এ বিষয়ে প্রক্টর ইসরাফিল রতন বলেন, পদত্যাগের ক্ষেত্রে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকরাই ভালো বলতে পারবেন।
এদিকে ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগও পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২১ জন সহকারী প্রক্টর রয়েছেন।
