ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দেশের উন্নয়ন ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দেশের উন্নয়ন ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গভবনে রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। এসব বিষয়ে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শন কর্মসূচি চালু করা হয়েছে। ইতিহাস ও ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করে। অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ সফরে অংশ নেন। তাঁদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং বঙ্গভবনের ঐতিহাসিক স্থাপনা, স্মারক ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশে উৎসাহ দেন। তিনি রাঙ্গামাটি সফরের ইচ্ছাও প্রকাশ করেন।

পরিদর্শন শেষে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেয়। এ সময় বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।