২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে প্রায় ৩০০টি পরিবার সড়ক দুর্ঘটনায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩৮ হাজার ৩৫৭টি দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জন নিহত এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। আর ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৪ হাজার ৬৪৭ জন।
আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বাসসকে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। একসঙ্গে ভ্রমণরত পুরো পরিবারের সদস্যদের প্রাণহানির ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে।
সংস্থাটির পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বাস ও পিকআপ দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন।
এর মধ্যে ৫২৫টি অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের ১ হাজার ৭২৮ জনের মৃত্যু হয়েছে। ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩৮৬ জন এবং বাবা ও সন্তানসহ ১৫৯টি দুর্ঘটনায় ৩১৮ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ১৮৬টি মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ ৭০৮ জন, ১০৮টি প্রাইভেট কার দুর্ঘটনায় ৩৫২ জন, ৪৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৬২ জন এবং ৩২টি বাস দুর্ঘটনায় ৮৫ জনের মৃত্যু হয়েছে।
বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হন। ছয় বছরের হিসাবে ওই বছর দুর্ঘটনা ও আহতের সংখ্যা ছিল সর্বোচ্চ। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে মে মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। ওই মাসে ৬১৪টি দুর্ঘটনায় ৫৯৮ জন মারা যান।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানোকে চিহ্নিত করেছে আরএসএফ। পাশাপাশি ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, চালকদের অদক্ষতা ও ক্লান্তি, অনিয়ন্ত্রিত কর্মঘণ্টা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, আইন লঙ্ঘন এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকেও দায়ী করেছে সংস্থাটি।
দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদার প্রশিক্ষণ, কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ এবং মহাসড়কে রোড ডিভাইডার তৈরির সুপারিশ করেছে আরএসএফ। পাশাপাশি রেল ও নৌপথের সেবার মান বাড়ানো, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করার আহ্বান জানিয়েছে।
এদিকে সরকার ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় দুর্ঘটনায় আহতদের বিনা মূল্যে জরুরি চিকিৎসা, ট্রাফিক আইন লঙ্ঘনে ডিমেরিট পয়েন্ট এবং পুনরাবৃত্ত অপরাধীদের দ্বিগুণ শাস্তির প্রস্তাব রয়েছে।
গত জুলাইয়ে জাতিসংঘের এক উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমানোর সরকারি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
