ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রাথমিকের নতুন পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা

প্রাথমিকের নতুন পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে পাঠ শেখাতে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব খেলা ও শিক্ষাসামগ্রী তৈরি করা হচ্ছে। সংশোধিত পাঠ্যক্রমে খেলনা ও হাতে-কলমে শেখার কার্যক্রম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ‘প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ইতোমধ্যে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলার নকশা তৈরি করেছে। প্রতিটি শ্রেণির পাঠের সঙ্গে মিল রেখে এসব কার্যক্রম সাজানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া আরও আনন্দদায়ক হবে।

তিনি জানান, প্রথম শ্রেণির শিক্ষার্থীরা খেলনার মাধ্যমে যোগ-বিয়োগ শিখতে পারবে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পরিসীমা ও ক্ষেত্রফল শেখাতেও ব্যবহার করা হবে বিভিন্ন খেলা।

প্রাথমিকের সংশোধিত পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতের (স্টেম) সমন্বিত শিক্ষা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালে সংশোধিত পাঠ্যক্রম চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রস্তাবিত শিক্ষাসামগ্রীর মধ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি ওয়ার্কবুক, ভিডিও পাঠ, খেলা ও খেলনা থাকবে। যেসব বিদ্যালয়ে জায়গার সংকট রয়েছে, সেসব প্রতিষ্ঠানের ভবনের ছাদে খেলার মাঠ তৈরির বিষয়টিও বিবেচনা করছে সরকার।

সভায় প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা নিয়ে সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন স্কিল ইন্সপায়ারের প্রধান পরামর্শক মো. আতাউল গনি ওসমানি। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে সভায় শিক্ষা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন।