ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা বিমানমন্ত্রীর

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা বিমানমন্ত্রীর

ময়মনসিংহের ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি ‘নজরুল সিটি’ হিসেবে উন্নয়ন করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও পর্যটন নগরী গড়ে তোলার বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী জানান, প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে। এরপর ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে। এ বিমানবন্দর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। শিগগিরই ত্রিশালের পর্যটন এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। ত্রিশালসহ দেশকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ত্রিশাল ইতোমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমানের নেতৃত্বে আধুনিক ত্রিশালের উন্নয়ন হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ আর ক্ষমতায় ফিরবে না, তাই নির্ভয়ে দায়িত্ব পালন করতে হবে।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।