ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কুকুর কিনতে নেদারল্যান্ডস যাচ্ছেন পুলিশের ৪ কর্মকর্তা

কুকুর কিনতে নেদারল্যান্ডস যাচ্ছেন পুলিশের ৪ কর্মকর্তা

নেদারল্যান্ডসে কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা। পাঁচ দিনের এ সফরের যাবতীয় ব্যয় বহন করবে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান। এতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশে এ তথ্য জানানো হয়। সফরকারীরা হলেন যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ, উপকমিশনার মো. শামীম হোসেন এবং ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

আদেশ অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা নিকটতম সময়ে তাঁদের এ সফর অনুষ্ঠিত হবে। ভ্রমণ ও ট্রানজিট সময় বাদে পাঁচ দিন তাঁরা কার্যক্রমে অংশ নেবেন।

সফর শেষে দেশে ফেরার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। অনুমোদিত সময়ের বাইরে অবস্থানের সুযোগ নেই।