ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া দুজন হলেন রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।
নিপু ইসলাম তন্বী শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে অংশ নেন। অন্যদিকে আমানুল্লাহ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন।
গত ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
