ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পর বাবারও মৃত্যু, পাশাপাশি কবরে শেষ ঠিকানা

ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পর বাবারও মৃত্যু, পাশাপাশি কবরে শেষ ঠিকানা

ছেলের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ বাবারও মৃত্যু হয়েছে। কুষ্টিয়া শহরে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। বুধবার সকালে তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন আবদুল মান্নান (৫৯) ও তাঁর বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। তাঁরা শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাবার অসুস্থতার খবর পেয়ে কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন মাহফুজুর। সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রুমন রহমানের ধারণা, মাহফুজুর স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মাথায় রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

রাতে ছেলের মৃত্যুর খবর শুনে মান্নান আরও অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে বিছানায় তাঁর মৃত্যু হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় গোরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।