শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থান আবারও জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি এবং প্রচলিত আইন অনুযায়ীই এর সমাধান হবে। তবে এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা অগ্রগতির কথা জানায়নি দেশটি।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে কারিগরি বিষয় হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
