ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নির্জন সড়কে নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা, সিসিটিভিতে দুই তরুণ

নির্জন সড়কে নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা, সিসিটিভিতে দুই তরুণ

মৌলভীবাজারের জুড়ীতে রাতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ সদস্যকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুই তরুণ। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে এ ঘটনা ঘটে। ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। দায়িত্ব শেষে তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। অপর তরুণ মোটরসাইকেলে অপেক্ষা করছিলেন।

নারী পুলিশ সদস্যের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুজন পালিয়ে যান। এ ঘটনায় তাঁর কাছ থেকে কিছু খোয়া যায়নি।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।