ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে ১৫ হাজার কোটি রুপি দিচ্ছে ভারত, মোদি-বালেন বৈঠকে আরও ৮ চুক্তি

নেপালকে ১৫ হাজার কোটি রুপি দিচ্ছে ভারত, মোদি-বালেন বৈঠকে আরও ৮ চুক্তি

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে ১৫ হাজার কোটি ভারতীয় রুপির অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেছে ভারত। এ ছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর দ্বিপক্ষীয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষিত অর্থ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, জনপদ পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা পুনরুদ্ধারে সহায়তা করা হবে।

বৈঠকে নেপালের উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। দুর্যোগসহ বিভিন্ন সংকটে একে অপরের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।

স্বাক্ষরিত আটটি সমঝোতা স্মারকের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ খাতে সহযোগিতার বিষয় রয়েছে।

বৈঠকে দুই দেশের কয়েকটি যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন এবং নতুন উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।