ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বেন-গভিরকে নিয়ে বিরোধ, ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার আলোচনা

বেন-গভিরকে নিয়ে বিরোধ, ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার আলোচনা

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের দল ইয়াশারের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। নেতৃত্ব নির্ধারণ এবং কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরকে সরকারে রাখা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

রোববার (২২ নভেম্বর) হার্জলিয়ার একটি হোটেলে দুই দলের প্রতিনিধিরা বৈঠক করেন। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানায়, বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য হয়নি। লিকুদ বেন-গভিরকে সরকারে রাখতে চাইলেও ইয়াশার এতে আপত্তি জানিয়েছে। যৌথ বিবৃতিতে দল দুটি নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানিয়ে পরবর্তী বৈঠকের আভাস দিয়েছে।

গত অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন আরও ১৩টি আসন। সরকার গঠনে আইজেনকোট ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন।

এদিকে, নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি এবং লিবারম্যানের আপত্তিসহ নানা জটিলতায় আলোচনা অনিশ্চয়তায় রয়েছে। সমঝোতা না হলে সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ নিতে পারে ইয়াশার।