যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে অগ্রগতি না হলেও পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়িয়ে চলেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উন নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনায় আগ্রহ না দেখানোয় ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
রোববার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিলেও সাড়া পায়নি ওয়াশিংটন। গত বছর পাঠানো ট্রাম্পের একটি চিঠিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে গ্রহণ করা হয়নি বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, ২০১৯ সালের পর উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বেড়ে প্রায় ৬০টিতে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, এ সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে।
এদিকে চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে পিয়ংইয়ং। বিশ্লেষকদের মতে, এসব সম্পর্ক উত্তর কোরিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কমছে।
