ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলার দাবি জেলেনস্কির

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলার দাবি জেলেনস্কির

লিবিয়ার একটি বন্দরে সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার ‘মারকুরি’ নামের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (২৩ নভেম্বর) তিনি জানান, হামলায় রাশিয়ার একটি কা-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেলেনস্কির দাবি, রোববার লিবিয়ার উপকূলে রাশিয়ার ‘এমভি আঙ্গারা’ নামের একটি কার্গো জাহাজেও হামলা চালানো হয়। জাহাজটি অস্ত্র পরিবহনে ব্যবহৃত হতো বলে জানান তিনি।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার জানিয়েছে, বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করা অবস্থায় ‘মারকুরি’ জাহাজে হামলার ঘটনা ঘটে। জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি সেখানে অবস্থান করছিল।

এদিকে শনিবার ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার ‘স্পার্টা-২’ কার্গো জাহাজে ড্রোন হামলায় আগুন লাগে। জাহাজটির ১৬ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। ফিনল্যান্ডের সামরিক বাহিনী হামলায় ইউক্রেনের সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা জানিয়েছে। তবে কিয়েভ এ বিষয়ে মন্তব্য করেনি।