ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তিন সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দরপতন

টানা তিন সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দরপতন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক শেয়ারবাজারে দরপতনের প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৩ নভেম্বর) টানা তৃতীয় সপ্তাহের মতো নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৯২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৫ সেন্ট কমে হয়েছে ৮৩ দশমিক ২৬ ডলার।

এর আগের সপ্তাহে ব্রেন্টের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।

এদিকে এশিয়ার শেয়ারবাজারেও বড় দরপতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাজারে সূচক কমেছে ৪ শতাংশ। চীন, হংকং ও অস্ট্রেলিয়ার বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক গত সপ্তাহে ১০ শতাংশ কমেছে।

তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাত এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের আরও বড় দরপতন আপাতত ঠেকেছে।