ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সপ্তাহের আলোচনা ব্যর্থ, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে ভেস্তে গেল কপ-৩১

দুই সপ্তাহের আলোচনা ব্যর্থ, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে ভেস্তে গেল কপ-৩১

জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধের কারণে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আনতালিয়ায় দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা এবং অতিরিক্ত ৪৪ ঘণ্টা চেষ্টা চালিয়েও ঐকমত্যে পৌঁছাতে পারেননি প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা।

রোববার (২২ নভেম্বর) সম্মেলনের সমাপনী অধিবেশনে কপ-৩১ সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম জানান, মতবিরোধের কারণে কোনো চুক্তি অনুমোদন করা সম্ভব হয়নি।

চুক্তির খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর সুস্পষ্ট রূপরেখা না থাকায় আপত্তি জানায় ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে, সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো চুক্তিতে সরাসরি ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটি ব্যবহারের বিরোধিতা করে।

অস্ট্রেলিয়ার আলোচনার সভাপতি ক্রিস বোয়েন জানান, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং জলবায়ু অর্থায়ন—এই দুই বিষয়েই প্রধান মতপার্থক্য তৈরি হয়।

মুরাত কুরুম বলেন, নতুন কোনো খসড়া তৈরি করা হবে না। তবে প্যারিস জলবায়ু চুক্তির আওতায় আগের সিদ্ধান্ত বাস্তবায়ন ও অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনের পর এবারই জলবায়ু আলোচনায় এমন বড় ধরনের অচলাবস্থা দেখা গেল। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় এই ব্যর্থতা আন্তর্জাতিক সহযোগিতার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।