ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন হামলার অপেক্ষা করবে না ইরান, আগাম জবাবের হুঁশিয়ারি

মার্কিন হামলার অপেক্ষা করবে না ইরান, আগাম জবাবের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করে আগেই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করেছেন, ওয়াশিংটন সম্ভবত নতুন সামরিক অভিযানের প্রস্তুতির জন্য সময় নিতে কূটনীতিকে ব্যবহার করছে। সোমবার (১৬ নভেম্বর) ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফার্সের মাধ্যমে প্রচারিত রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেহরান তিনটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত—কূটনীতি, অর্থনৈতিক অবরোধ ও সামরিক আগ্রাসন।

তিনি বলেন, ‘ইরান কিউবা নয় যে আপনারা অবরোধ আরোপ করবেন, আবার ভেনেজুয়েলাও নয় যে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।’ তাঁর দাবি, মার্কিন বাহিনী এখন পর্যন্ত আকাশ বা স্থল অবরোধের মাধ্যমে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। এ ছাড়া ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।

গারিবাবাদির আশঙ্কা, ওয়াশিংটন আরেকটি হামলার ক্ষেত্র প্রস্তুত করতে কূটনৈতিক তৎপরতা চালাতে পারে। বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে বর্ণনা করার বিষয়টি প্রত্যাখ্যান করে তিনি বলেন, তাঁর ব্যক্তিগত বিশ্বাস, আইনি দৃষ্টিকোণ থেকে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে।

ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না বলেও জানান গারিবাবাদি। সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহালের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আহ্বানের পর তিনি এ মন্তব্য করেন।

গারিবাবাদির অভিযোগ, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএর অনুরোধের পেছনে মার্কিন অস্ত্রের কার্যকারিতা মূল্যায়নের উদ্দেশ্য থাকতে পারে। তাঁর ভাষ্য, পরিদর্শনের আগে যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে যে ইরানের সব শর্ত মানা হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে গারিবাবাদি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক আলোচনায় তেহরানের আস্থা ক্ষুণ্ন করেছে। তাঁর দাবি, গত দেড় বছরে অন্তত তিনবার যুক্তরাষ্ট্রের অসৎ উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। আলোচনার সময় সংঘটিত ১২ দিনের যুদ্ধ ও ৪০ দিনের যুদ্ধ এবং দুই সপ্তাহেরও কম সময় টিকে থাকা ১৪ দফা সমঝোতা স্মারকের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।