ভারতের তামিলনাড়ুর একটি সরকারি গ্রন্থাগারে ভুল তথ্য, ভুয়া লেখক পরিচিতি ও সন্দেহজনক তথ্যসূত্রযুক্ত শত শত বই কেনার অভিযোগ উঠেছে। এসব বই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়ে বিতর্কের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।
কোয়েম্বাটুরের পেরিয়ার আরিভুলাগম গ্রন্থাগারে বই কেনা নিয়ে এ বিতর্ক শুরু হয়। অভিযোগ, অপরিচিত একটি প্রকাশনা সংস্থার সরবরাহ করা প্রায় ১ হাজার ৮০০টি তামিল বইয়ের মধ্যে অনেকগুলোতে লেখক পরিচিতি ও আইএসবিএন নম্বরে অসংগতি রয়েছে।
আদালত রাজ্যের দুর্নীতি দমন সংস্থাকে বিষয়টি তদন্ত এবং সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন।
রাজ্য সরকার আগের ডিএমকে প্রশাসনকে দায়ী করলেও দলটি অভিযোগ অস্বীকার করেছে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চেন্নাইয়ের একটি গ্রন্থাগার থেকে ৫২৩টি সন্দেহজনক বই সরানো হয়েছে। ১৬০ জনের বেশি লেখক ও গবেষক স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। তবে বইগুলো এআই দিয়ে তৈরি কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
