ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখকে থামানোর ইশারা অনন্তের, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

শাহরুখকে থামানোর ইশারা অনন্তের, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বলিউড তারকা শাহরুখ খান ও শিল্পপতি অনন্ত আম্বানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অনন্তকে শাহরুখের দিকে আঙুল তুলতে দেখা যায়। এ দৃশ্য ঘিরে অনলাইনে নানা আলোচনা চলছে। কেউ মনে করছেন, অনন্ত শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন; আবার কারও ধারণা, দুজনের মধ্যে মজার কথাবার্তা হচ্ছিল। তবে ভিডিওতে অনন্তের বক্তব্য স্পষ্ট নয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২১ নভেম্বর মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠিত হয়। দিব্যজ ফাউন্ডেশনের আয়োজনে ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহতদের স্মরণ এবং সাহসিকতা ও সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে শাহরুখ, অনন্ত ও আধ্যাত্মিক গুরু সদ্‌গুরু উপস্থিত ছিলেন। একটি ভিডিওতে শাহরুখকে সদ্‌গুরুকে আলিঙ্গন করতে এবং অনন্তের পিঠে হাত রাখতে দেখা যায়। অন্য ভিডিওতে শাহরুখ ও অনন্তকে আলিঙ্গন করতেও দেখা গেছে।

২৩ নভেম্বর পর্যন্ত এ বিষয়ে শাহরুখ বা অনন্তের কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।