ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিকিনি বাদ দিয়ে ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

বিকিনি বাদ দিয়ে ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ভিন্নধর্মী পোশাকে হাজির হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। অধিকাংশ প্রতিযোগী বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাক পরলেও মাহি বেছে নেন ফুলহাতা, শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক।

স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোশাকের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। পোশাকটির সঙ্গে ছিল লম্বা নীল কাপড়, যা হাঁটার সময় পেছনে ছড়িয়ে পড়ছিল।

মাহি জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের পরিচয় তুলে ধরার কথাও উল্লেখ করেন তিনি।

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে প্রতিযোগীরা নিজেদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা তুলে ধরেন। এ পর্বে মাহির পোশাক নির্বাচন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার স্বতন্ত্র সাজ ও উপস্থিতির প্রশংসা করেছেন।

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে তার পোশাকের নকশা করা হয়েছিল।