ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়।

আবেদনে বলা হয়, মামলার বিষয়ে অবগত থাকার পরও নির্ধারিত দিনে আদালতে হাজির হননি তিশা। এ ছাড়া মামলা করার পরও বাদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি অব্যাহত রেখেছেন তিনি। এসব কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, আদালতের নোটিশ পাওয়ার পরও তিশা হাজির না হওয়ায় তারা পরোয়ানার আবেদন করেন। বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।

গত বছরের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে ৭৫ হাজার টাকা মূল্যের শাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে মামলা করেন সানায়া। তদন্ত শেষে পিবিআই অভিযোগের সত্যতা না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে নারাজি আবেদনের পর আদালত সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ দেন।

এদিকে, গত ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগে নতুন মামলা করেন সানায়া। অভিযোগ, আগের মামলা প্রত্যাহারে তাকে হুমকি দেওয়া হয়েছে।