ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার, পুলিশের প্রক্রিয়াগত ভুলে মুক্তি

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার, পুলিশের প্রক্রিয়াগত ভুলে মুক্তি

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। গ্রেপ্তারের আইনি প্রক্রিয়ায় ত্রুটি থাকায় পুলিশের তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদনও খারিজ করেছেন আদালত।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ করেন সোনাক্ষী। তাঁর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা হয়। পরে এ ঘটনায় দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈনকে গ্রেপ্তার করে পুলিশ।

১৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিল্লির শাহদারা এলাকার জগতপুরি থানা এলাকা থেকে সকাল ১০টা ১১ মিনিটে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে বিমানে তাঁকে মুম্বাইয়ে নিয়ে আসে বান্দ্রা থানার পুলিশ। ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের জন্য তাঁকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে আদালতে হাজির করার পরই গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ম্যাজিস্ট্রেট।

আদালত জানতে চান, দিল্লি থেকে গ্রেপ্তারের পর আরিয়ানকে কেন সেখানকার নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি। তাঁকে সরাসরি মুম্বাইয়ে নিয়ে আসার পেছনে পুলিশের পক্ষ থেকেও সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া যায়নি।

অন্যদিকে, আরিয়ানের আইনজীবী আমান শাহী, প্রশান্ত ত্রিবেদী ও আদিত্য জৈন গ্রেপ্তারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে বাধ্যতামূলক নোটিশ দেওয়া হয়নি এবং আটকের কারণও জানানো হয়নি।

ভারতের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ৩৫(১)(বি) ধারা অনুযায়ী, সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে—এমন অপরাধের ক্ষেত্রে কাউকে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা তদন্তকারী কর্মকর্তাকে নথিভুক্ত করতে হয়। আদালতের পর্যবেক্ষণ, শুধু তদন্তের স্বার্থে কাউকে গ্রেপ্তার করলেই হবে না; এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়াও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

শেষ পর্যন্ত পুলিশের তিন দিনের হেফাজতের আবেদন খারিজ করে আরিয়ানকে মুক্তির নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

তবে আদালতের এ নির্দেশে মামলার তদন্ত বন্ধ হচ্ছে না। সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে বান্দ্রা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বিকৃত ছবি তৈরির পেছনে কারা জড়িত এবং কীভাবে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।