স্ত্রীর ক্যান্সার আক্রান্ত হওয়া, তাঁকে বাঁচানোর দীর্ঘ লড়াই এবং শেষ পর্যন্ত হারানোর বেদনা—ব্যক্তিগত জীবনের এমন মর্মান্তিক অভিজ্ঞতা থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘হাওয়ার গাড়ি’। নির্মাতা সোহেল রহমানের পরিচালনায় ছবিটির চূড়ান্ত সম্পাদনা শেষ হয়েছে। নতুন বছরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে।
ভিলা দু সিনেমার ব্যানারে নির্মিত ছবিটির গল্পে উঠে এসেছে ঢাকার খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, ভালোবাসা, আশা ও বেঁচে থাকার আকুতি। বিয়ের এক মাস পর সোহেলের স্ত্রীর ক্যান্সার শনাক্ত হয়। এরপর প্রায় এক বছর চিকিৎসার লড়াই শেষে চলতি বছরের মার্চে তিনি মারা যান। সেই ব্যক্তিগত শোকের অভিজ্ঞতা ছবিটির অন্যতম প্রেরণা।
সোহেল রহমান ছবিটির চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনার দায়িত্বে রয়েছেন। অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ফজলুল হক, আয়মন শিমলা, ইয়াশফা তাসনিয়া মল্লিকসহ অনেকে।
ছবিটি প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেছেন নির্মাতা। পাশাপাশি ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং প্রক্রিয়াধীন ডা. সামরিনা তানহা ক্যান্সার ফাউন্ডেশনের কার্যক্রমের প্রতিও ছবিটি উৎসর্গের মাধ্যমে সামাজিক বার্তা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
