দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। সেপ্টেম্বর শেষে বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ খেলাপি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।
সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা।
ব্যাংকারদের মতে, ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধে সমস্যায় পড়েছে। পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম ও প্রভাবশালী ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় না হওয়ায় খেলাপি ঋণ বাড়ছে।
খাতভিত্তিক হিসাবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। বিদেশি ব্যাংকে ৩ হাজার ৯১৫ কোটি এবং বিশেষায়িত ব্যাংকে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি রয়েছে।
