রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়। ব্যাংকটির দেওয়া ব্যাখ্যার ভিত্তিতে ডিএসই জানায়, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে সরকারের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি সম্পর্কে ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
জবাবে ইসলামী ব্যাংক জানায়, ব্যাংকের শেয়ার মূলধনে সরকারি বিনিয়োগের আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও তারা পায়নি।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে এ বিষয়ে আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
এর আগে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, মূলধন সংকট কাটাতে ইসলামী ব্যাংক সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ছয় হাজার কোটি টাকা ইকুইটি বিনিয়োগ চেয়েছে। এতে সরকারের হাতে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।
