শনিবার (২১ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে গবেষণার ফল প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)।
গবেষণায় দেখা যায়, গ্রামাঞ্চলের দরিদ্র পরিবার আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট দেয়। শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ১৬ দশমিক ৫ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ পরিবারের কাছ থেকে। অথচ শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ নিয়মিত আয়কর দেন।
অনুষ্ঠানে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক করব্যবস্থায় ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার রাজস্ব আদায় বাড়ানোর উপায় খতিয়ে দেখছে। চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব বাদ দিয়ে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসে গুরুত্ব দেওয়া হচ্ছে।
