এস আলম গ্রুপের বন্ধ হয়ে থাকা সব শিল্পকারখানা দ্রুত চালু করে চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিক-কর্মচারীরা। এ দাবিতে সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
স্মারকলিপিতে কারখানা চালুর পর আগের কর্মীদের কাজে ফেরানো, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন এবং উৎপাদন সচল রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে কাজ করা শ্রমিক-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েন। তাঁদের ভাষ্য, তাঁরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে জীবিকার উৎস হারিয়েছেন। এর প্রভাব পড়েছে তাঁদের পরিবারের সদস্যদের ওপরও।
শ্রমিকদের দাবি, মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কারখানা চালুর বিষয়ে স্থায়ী সমাধান হয়নি। স্মারকলিপিতে মালিকপক্ষের বক্তব্য তুলে ধরে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের পর ব্যাংকগুলো কারখানার ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ করে দেয়। এতে চলতি মূলধন ও কাঁচামালের সংকট তৈরি হলে প্রতিষ্ঠানগুলো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন হলে কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও মালিকপক্ষ জানিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
শ্রমিকরা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। খেলাপি ঋণ থাকা সত্ত্বেও সিটি গ্রুপের কারখানা সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন। তবে একই ধরনের উদ্যোগ এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের। ব্যাংকগুলোর অসহযোগিতা ও অপেশাদার কার্যক্রমের কারণে প্রতিষ্ঠানগুলো অচল হয়ে পড়েছে বলেও দাবি করেন তাঁরা।
স্মারকলিপিতে বলা হয়, একসময় এসব কারখানায় ২৪ ঘণ্টা উৎপাদন চললেও এখন সেগুলো বন্ধ। দীর্ঘ আড়াই বছরের বেকারত্বে হাজার হাজার শ্রমিক-কর্মচারী পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। সন্তানদের পড়ালেখা, চিকিৎসা ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে উঠেছে। অনেকের বয়স বেড়ে যাওয়ায় নতুন চাকরি খুঁজতেও সমস্যায় পড়তে হচ্ছে। অন্যদিকে নতুন নিয়োগের সুযোগ সীমিত থাকায় বিকল্প কর্মসংস্থানও মিলছে না।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। পাশাপাশি ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন, উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহ, রাজনৈতিক কারণে শিল্পকারখানা বন্ধ হওয়া রোধ এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের দাবি জানানো হয়েছে।
এদিকে, বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। তাঁদের অভিযোগ, চাকরি হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান খুঁজতেও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিন বেকার থাকায় পরিবারের আর্থিক সংকট বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে দুর্ভোগ আরও বেড়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালুর চেষ্টা করছে। পাশাপাশি দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও কাজ করছে।
